প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি: কীভাবে শুরু করবেন? | Private Bank Job Preparation Guideline

বাংলাদেশে চাকরির বাজারে প্রাইভেট ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক সেক্টর। তবে প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি (Private Bank Job Preparation) সম্পর্কে অনেকেরই ধারণা এখনও কিছুটা অস্পষ্ট। কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কী ধরনের প্রশ্ন আসে, কিংবা প্রস্তুতি কোথা থেকে শুরু করা উচিত, এসব নিয়ে বিভ্রান্তি দেখা যায়। কর্পোরেট পরিবেশ, দ্রুত ক্যারিয়ার গ্রোথ এবং ভালো বেতন, সব মিলিয়ে তরুণদের কাছে আকর্ষণীয় এই চাকরির প্রস্তুতি নিয়েই আজকের লেখাটি।
এই ব্লগে আমরা প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি (Private Bank Job Preparation Guideline)–এর পুরো রোডম্যাপ তুলে ধরবো। আমরা জানবো:
✔ প্রাইভেট ব্যাংকে আবেদনের যোগ্যতা
✔ নিয়োগ প্রক্রিয়া ও কাঠামো
✔ প্রিলি ও লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন
✔ বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল
✔ ভাইভা ও মানসিক প্রস্তুতি
✔ প্রয়োজনীয় বই ও স্মার্ট স্টাডি প্ল্যান
আপনি যদি সিরিয়াসলি প্রাইভেট ব্যাংক ক্যারিয়ার টার্গেট করেন, তাহলে এই গাইডলাইনটি আপনাকে একটি পরিষ্কার ও গোছানো প্রস্তুতির পথ দেখাবে।
প্রাইভেট ব্যাংক জব প্রস্তুতি কেন জরুরি?
- সরকারি চাকরির দীর্ঘ প্রক্রিয়ার তুলনায় প্রাইভেট ব্যাংকে তুলনামূলক দ্রুত নিয়োগ ও জয়েনিং সম্ভব।
- বছরজুড়ে বিভিন্ন ব্যাংকে একাধিক পদের সার্কুলার প্রকাশ হয়, ফলে সুযোগের পরিমাণ বেশি।
- Management Trainee Officer (MTO) ও Probationary Officer (PO) পদে ভালো বেতন, দ্রুত প্রমোশন ও স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকে।
- প্রশ্নের ধরন তুলনামূলক নির্দিষ্ট হওয়ায় সঠিক গাইডলাইনে প্রস্তুতি নিলে সফলতার সম্ভাবনা বেশি।
- একই প্রস্তুতি থেকে সরকারি ও প্রাইভেট- দুই সেক্টরেই সুযোগ তৈরি হয়, যা সময় ও ঝুঁকি কমায়।
- প্রাইভেট ব্যাংকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কমিউনিকেশন, অ্যানালিটিক্যাল ও প্রেজেন্টেশন স্কিল গুরুত্বপূর্ণ- যা ক্যারিয়ারকে আরও শক্তিশালী করে।
- অনেকেই প্রাইভেট ব্যাংক প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা না জানায় পিছিয়ে থাকে- সঠিক পরিকল্পনা এখানে বড় পার্থক্য তৈরি করে।
প্রাইভেট ব্যাংকে চাকরির যোগ্যতা
ব্যাংকভেদে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন হলেও ব্যাংকগুলো সাধারণত ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ভালো সিজিপিএ প্রাপ্ত ব্যবসায় শিক্ষা অনুষদের প্রার্থীদের অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
আবার, কিছু কিছু প্রাইভেট ব্যাংক সকল আবেদনকারীকে পরীক্ষা দিতে দেয়, যেমন পূবালী, ডিবিবিএল, উত্তরা। তবে অনেক ব্যাংক আবেদনকারীদের শর্টলিস্ট করে। শর্টলিস্ট করার পর অনেক ব্যাংক অনলাইন পরীক্ষারও ব্যবস্থা করে। যেমন, ২০-৩০ মিনিটে ২০-৩০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলতে পারে বা এ ধরণের একটা ছোট অনলাইন পরীক্ষা। ইংরেজি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয় থেকে সাধারণত এ পরীক্ষার প্রশ্ন সেট করা হয়। তবে সব ব্যাংক এই অনলাইন পরীক্ষা নেয় না।
তবে সব ব্যাংকই প্রার্থীর Problem Solving Skills, Leadership Skills, English Language Proficiency Level, Computer Literacy Skill-এর মতো কিছু Extracurricular Activity ও Soft Skills-এর উপর অধিক গুরুত্ব দেয়।
প্রাইভেট ব্যাংক নিয়োগ প্রক্রিয়া: ধাপ, কাঠামো ও পরীক্ষার ধরন
বেসরকারি ব্যাংকে নিয়োগ সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিয়োগ প্রক্রিয়া ব্যাংকভেদে কিছুটা ভিন্ন হতে পারে; তবে অধিকাংশ ক্ষেত্রে সামগ্রিক কাঠামো প্রায় একই থাকে।
প্রিলিমিনারি (MCQ) → লিখিত → মৌখিক (ভাইভা) → কম্পিউটার দক্ষতা পরীক্ষা
- বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়, যেমন: ট্রেইনি অফিসার, প্রবেশনারি অফিসার, এক্সিকিউটিভ অফিসার, জুনিয়র অফিসার, কাস্টমার সার্ভিস অফিসার, টেলর, সেলস/রিলেশনশিপ/ক্রেডিট/অপারেশন অফিসার
- অনেক ব্যাংকে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে, MCQ অংশ OMR শিটে এবং লিখিত অংশ নির্দিষ্ট খাতায় লিখতে হয়। সাধারণত MCQ শেষ করেই লিখিত অংশ শুরু করতে হয়।
- সময় বণ্টন: সাধারণত এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা এবং লিখিত অংশের জন্য ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকে।
- মানবন্টন: সাধারণত ৮০–১০০ এর মধ্যে থাকে। এরমধ্যে সচরাচর প্রিলিমিনারি অংশে ৫০-৮০ নম্বর এবং লিখিত অংশে ২০-৪০ নম্বর থাকে।
- প্রশ্নের বিষয়বস্তু: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও আইসিটি
- কিছু ব্যাংক সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলেও, অনেক ব্যাংক আবেদনকারীদের শর্টলিস্ট করে অথবা আগে অনলাইন টেস্ট/স্ক্রিনিং নেয়।
- প্রিলি ও লিখিত উত্তীর্ণদের ভাইভা পরীক্ষায় অংশ নিতে হয়।
- কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা আলাদা দিন বা ভাইভার দিন নেওয়া হতে পারে।
- প্রশ্ন প্রণয়নে সাধারণত বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফ্যাকাল্টি বা ইনস্টিটিউট (যেমন IBA/BIBM) যুক্ত থাকে।
- পরীক্ষার ফরম্যাটে ভিন্নতা থাকতে পারে। কোথাও MCQ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লিখিত শুরু হয়, আবার কোথাও নির্ধারিত সময় শেষে লিখিত অংশে যেতে হয়।
এই কাঠামো বুঝে প্রস্তুতি নিলে প্রাইভেট ব্যাংক পরীক্ষার জন্য পরিকল্পিতভাবে এগোনো সহজ হয়। প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই নিয়োগ পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। প্রাইভেট ব্যাংকের মানবন্টন, যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রাইভেট ব্যাংকের নিয়োগ পদ্ধতি ব্লগটি পড়তে পারেন।
প্রাইভেট ব্যাংক প্রিলির বিষয়ভিত্তিক প্রস্তুতি
প্রাইভেট ব্যাংক চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রিলিমিনারি। তাই এই অংশের প্রস্তুতি যত ভালো হবে, আপনার চাকরির সম্ভবনা তত বেশি থাকবে। প্রাইভেট ব্যাংকগুলোর প্রশ্নপ্রত্র সাধারণত IBA করে থাকে। তাই গণিত, মানসিক দক্ষতা ও ইংরেজি এই বিষয়গুলোতে ভালো করে প্রস্তুতি নিতে হবে। নিচে প্রাইভেট ব্যাংক প্রিলির বিষয়ভিত্তিক প্রস্তুতির বিষয়গুলো দেওয়া হলো।
বাংলা প্রস্তুতি
সাধারণত প্রাইভেট ব্যাংকগুলোর প্রিলিমিনারি অংশে বাংলা বিষয় থেকে প্রশ্ন আসে না। তবে কিছু কিছু প্রাইভেট ব্যাংকগুলোতে বাংলা অংশ থেকে প্রিলিমিনারি প্রশ্ন আসে। ব্যাকরণ ও সাহিত্য এই দুই টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তাই প্রিলিতে বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য:
- বাংলা ব্যাকরণে বেশি ফোকাস দিন। বিশেষ করে, শুদ্ধিকরণ (বানান ও বাক্য), শব্দ (দেশি, বিদেশি, তৎসম) , সন্ধি ও সমাস, কারক ও বিভক্তি, বাগধারা ও এক কোথায় প্রকাশ, পরিভাষা এই টপিকগুলোতে বেশি ফোকাস দিন।
- বাংলা সাহিত্যে কিছু নির্দিষ্ট অংশ থেকেই বেশি প্রশ্ন আসে। তাই- পঞ্চপাণ্ডব ও প্রধান লেখক (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়), মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য (উপন্যাস, নাটক, চলচিত্র), ছদ্মনাম ও উপাধি, বিখ্যাত উক্তি ও পঙিক্ত এই অংশগুলোতে ভালো করে প্রস্তুতি নিন।
- MCQ অংশে ভালো করার জন্য প্রয়োজন নিয়মিত চর্চা করা। তাই নিয়মিত MCQ পরীক্ষা দিন। পরামর্শ থাকবে- Live MCQ™ অ্যাপের প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিন থেকে নিয়মিত লাইভ পরীক্ষায় অংশ গ্রহণ করা। এতে প্রিলিমিনারি প্রস্তুতি নিশ্চিত হবে একই সাথে হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থানও যাচাই হবে।
- প্রাইভেট ব্যাংক চাকরির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং 0.25 থাকে। তাই পরামর্শ থাকবে- কনফিউশন প্রশ্নগুলোর উত্তর না করা।
গণিত প্রস্তুতি
প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গণিত। এই বিষয় সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। তাই এই অংশের প্রস্তুতি হবে একদম গোছানো। প্রিলিমিনারিতে গণিত অংশের প্রস্তুতি নিতে নীচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন।
- প্রাইভেট ব্যাংকের গণিত অংশের প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে। তাই শুরুতেই পরামর্শ থাকবে- ইংরেজি ভার্সন ম্যাথ প্র্যাকটিস করা।
- গণিতে সাধারণত ৪টি অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। পাটিগণিত (শতকরা, লাভ-ক্ষতি ও ডিসকাউন্ট, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, অনুপাত ও সমানুপাত, সময়, গতি ও দুরুত্ব, গড়), বীজগণিত (সরল ও দ্বিঘাত সমীকরণ, সেট, অসমতা, সূচক ও লগারিদম), জ্যামিতি (ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা) ও পরিসংখ্যান (বিন্যাস ও সমাবেশ, সম্ভাবনা) এই টপিকগুলোর প্রস্তুতি নিশ্চিত করা।
- প্রাইভেট ব্যাংকের প্রশ্নব্যাংক সমাধান করা। বিশেষ করে IBA এর পূর্ববর্তী প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি গুহণ করা।
- একেকটি অংকের জন্য সাধারণত ৪০-৫০ সেকেন্ড সময় থাকে। তাই শর্টকার্ট টেকনিক ব্যবহার করে উত্তর বের করা।
ইংরেজি প্রস্তুতি
প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি অংশ গণিতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। IBA পরিচালিত পরীক্ষাগুলোতে ইংরেজি থেকে গণিতের সমপরিমাণ প্রশ্ন আসে। তাই এই অংশে ভালো করতে হলে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন:
- ইংরেজি গ্রামার অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিশেষ করে, Parts of Speech, Tense, Voice (Active & Passive), Narration (Direct & Indirect Speech), Subject-Verb Agreement, Articles & Prepositions, Conditionals এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
- Vocabulary অংশ থেকেও প্রশ্ন আসে। তাই Synonyms & Antonyms, Idioms & Phrases, Word analogy, One word substitution এই টপিকগুলোতে নিয়মিত অনুশীলন করতে হবে।
- Error Identification ও Sentence Correction থেকেও প্রায়ই প্রশ্ন আসে। গ্রামারের নিয়মগুলো ভালোভাবে জানা থাকলে এই অংশে ভালো করা যায়।
- IBA-র পূর্ববর্তী প্রশ্নগুলো অনুশীলন করলে প্রশ্নের ধরন ও প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
মানসিক দক্ষতা প্রস্তুতি
প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতা বা Analytical Ability অংশটি অনেক প্রার্থীর কাছে কঠিন মনে হয়। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই অংশে ভালো নম্বর তোলা সম্ভব। নিচের বিষয়গুলো অনুসরণ করে প্রস্তুতি নিতে পারেন।
- মানসিক দক্ষতা অংশে সাধারণত সিরিজ ও প্যাটার্ন (সংখ্যা ও বর্ণমালার ধারা), সাদৃশ্য বিচার (Analogy), বিজোড় খুঁজে বের করা (Odd one out), কোড-ডিকোড (Coding-Decoding), রক্তসম্পর্ক (Blood Relation), দিকনির্ণয় (Direction & Distance), ঘড়ি ও ক্যালেন্ডার, বসার বিন্যাস (Seating Arrangement) এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তাই এই বিষয়গুলোতে মনোযোগ দিলে চাকরির সম্ভাবন বৃদ্ধি পাবে।
- মানসিক দক্ষতার প্রশ্নগুলো সাধারণত ট্রিকি হয়ে থাকে এবং একটু মনোযোগ না দিলে সহজ প্রশ্নেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে উত্তর করতে হবে।
- এই অংশে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্নে বেশি সময় নষ্ট না করে সেটি এড়িয়ে পরের প্রশ্নে যাওয়াই বুদ্ধিমানের কাজ। পরে সময় থাকলে বাদ দেওয়া প্রশ্নে ফিরে আসা যাবে।
আশা করি, উপরের সাজেশনগুলো অনুসরণ করলে আপনার বিষয়ভিত্তিক প্রাইভেট প্রিলিমিনারি ব্যাংক প্রস্তুতি কভার হয়ে যাবে।
প্রাইভেট ব্যাংক লিখিত বিষয়ভিত্তিক প্রস্তুতি
লিখিত পরীক্ষার ধাপটি অনেক প্রার্থীর কাছে চ্যালেঞ্জিং মনে হয়। কারণ এখানে শুধু সঠিক উত্তর জানলেই হয় না, সেটি গুছিয়ে লেখার দক্ষতাও থাকতে হয়। লিখিত পরীক্ষায় সাধারণত গণিত, ফোকাস রাইটিং, অনুবাদ এবং আর্গুমেন্ট রাইটিং এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। নিচে প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক প্রস্তুতির গাইডলাইন দেওয়া হলো।
গণিত প্রস্তুতি
লিখিত পরীক্ষার গণিত অংশ প্রিলিমিনারির তুলনায় একটু বেশি বিশ্লেষণধর্মী হয়ে থাকে। এখানে শুধু উত্তর লিখলেই হয় না, সম্পূর্ণ সমাধান ধাপে ধাপে দেখাতে হয়। তাই এই অংশে ভালো করতে হলে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন।
লিখিত গণিতে সাধারণত যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো হলো- শতকরা ও লাভ-ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অনুপাত ও সমানুপাত, সময়-কাজ ও সময়-গতি-দূরত্ব, বীজগাণিতিক সমীকরণ এবং পরিসংখ্যান। এই টপিকগুলোর প্রতিটি ধাপ পরিষ্কারভাবে সমাধান করার অভ্যাস গড়তে হবে।
লিখিত পরীক্ষায় গণিতের সমাধান ইংরেজিতে লিখতে হয়। তাই ইংরেজিতে গাণিতিক পরিভাষা ও সমাধান উপস্থাপনের অভ্যাস করা জরুরি। যেমন- “Let, Given, According to the question, Therefore” এই ধরনের শব্দগুলো ব্যবহার করে গুছিয়ে সমাধান লেখার চর্চা করতে হবে।
সময় ব্যবস্থাপনার দিকেও মনোযোগ দিতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি অংকের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, তাই একটি অংকে বেশি সময় নষ্ট না করে পরের অংকে যাওয়ার অভ্যাস গড়তে হবে। IBA-র পূর্ববর্তী লিখিত প্রশ্নপত্র সমাধান করলে প্রশ্নের ধরন ও কঠিনতার মাত্রা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।
ফোকাস রাইটিং প্রস্তুতি
ফোকাস রাইটিং প্রাইভেট ব্যাংকের লিখিত পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত কিন্তু তথ্যসমৃদ্ধ রচনা লিখতে হয়। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ফোকাস রাইটিং আসতে পারে।
ইংরেজি ফোকাস রাইটিং
ইংরেজি ফোকাস রাইটিংয়ে সাধারণত ব্যাংকিং, অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ এবং সমসাময়িক বিষয়গুলো থেকে টপিক দেওয়া হয়। ভালো করতে হলে-
একটি ফোকাস রাইটিংয়ে সাধারণত Introduction, Body এবং Conclusion এই তিনটি অংশ থাকে। Introduction অংশে বিষয়টি সংক্ষেপে উপস্থাপন করতে হবে, Body অংশে মূল আলোচনা তথ্যসহ উপস্থাপন করতে হবে এবং Conclusion অংশে একটি সংক্ষিপ্ত উপসংহার টানতে হবে।
ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত শব্দভাণ্ডার বাড়াতে হবে। যেমন- Monetary Policy, Inflation, GDP, Digital Banking, Financial Inclusion এই ধরনের পরিভাষাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে লেখার মান উন্নত হয়। নিয়মিত ইংরেজি পত্রিকার Editorial অংশ পড়লে এই ধরনের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে।
বাংলা ফোকাস রাইটিং
বাংলা ফোকাস রাইটিংয়ে সাধারণত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, ব্যাংকিং খাত, ডিজিটাল বাংলাদেশ এবং সমসাময়িক বিষয়গুলো থেকে টপিক আসে।
বাংলা ফোকাস রাইটিংয়ে ভাষার শুদ্ধতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। বানান ভুল ও অশুদ্ধ বাক্য গঠন এড়িয়ে চলতে হবে। তথ্যসমৃদ্ধ ও প্রাসঙ্গিক লেখা তৈরি করতে পারলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। প্রতিদিন একটি নির্দিষ্ট টপিকে অনুশীলন করলে লেখার দক্ষতা দ্রুত উন্নত হয়।
অনুবাদ প্রস্তুতি
লিখিত পরীক্ষায় অনুবাদ অংশে সাধারণত বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা উভয় ধরনের অনুবাদ আসতে পারে। এই অংশে ভালো করতে হলে উভয় ভাষায় দক্ষতা থাকা জরুরি।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ
ইংরেজি থেকে বাংলা অনুবাদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইংরেজি বাক্যের মূল ভাব ঠিক রেখে সেটি প্রাঞ্জল বাংলায় রূপান্তর করা। শব্দ ধরে ধরে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদের চর্চা করতে হবে। ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত ইংরেজি পরিভাষার বাংলা প্রতিশব্দ জানা থাকলে এই অংশে বাড়তি সুবিধা পাওয়া যায়।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ
বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনেক প্রার্থীর কাছে তুলনামূলক কঠিন মনে হয়। এই অংশে ভালো করতে হলে ইংরেজি গ্রামারের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে। বিশেষ করে Tense, Voice এবং Sentence Structure-এর ব্যবহার সঠিক রাখতে হবে। বাংলা বাক্যের ভাব ঠিক রেখে সেটি সহজ ও স্পষ্ট ইংরেজিতে প্রকাশ করার অভ্যাস গড়তে হবে।
উভয় ক্ষেত্রেই নিয়মিত পত্রিকার বিভিন্ন অনুচ্ছেদ অনুবাদ করার অভ্যাস করলে এই দক্ষতা দ্রুত উন্নত হয়।
আর্গুমেন্ট রাইটিং প্রস্তুতি
আর্গুমেন্ট রাইটিং প্রাইভেট ব্যাংকের লিখিত পরীক্ষার একটি বিশেষ অংশ যেখানে একটি নির্দিষ্ট বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করতে হয়। এই অংশে প্রার্থীর বিশ্লেষণী চিন্তাশক্তি ও মতামত প্রকাশের দক্ষতা যাচাই করা হয়।
আর্গুমেন্ট রাইটিংয়ে সাধারণত একটি Statement দেওয়া হয় এবং সেটির পক্ষে বা বিপক্ষে নির্দিষ্ট সংখ্যক যুক্তি উপস্থাপন করতে বলা হয়। ভালো আর্গুমেন্ট রাইটিংয়ের জন্য প্রথমে নিজের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপর প্রতিটি যুক্তি আলাদা প্যারাগ্রাফে উপস্থাপন করতে হবে এবং প্রাসঙ্গিক তথ্য বা উদাহরণ দিয়ে যুক্তিকে শক্তিশালী করতে হবে। সবশেষে একটি শক্তিশালী উপসংহারে নিজের মতামত পুনরায় তুলে ধরতে হবে।
আর্গুমেন্ট রাইটিংয়ে সাধারণত ব্যাংকিং, অর্থনীতি, প্রযুক্তি ও সমসাময়িক বিষয় থেকে টপিক দেওয়া হয়। তাই এই বিষয়গুলোতে নিজের ধারণা সমৃদ্ধ করতে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়তে হবে।
প্রতিদিন একটি টপিক বেছে নিয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি তৈরির অনুশীলন করলে পরীক্ষার হলে যেকোনো বিষয়ে দ্রুত ও গুছিয়ে লেখার সক্ষমতা তৈরি হবে। লেখার সময় ভাষার শুদ্ধতা ও বাক্যের স্পষ্টতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।
প্রাইভেট ব্যাংক ভাইভা প্রস্তুতি
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সবশেষ ধাপ হলো ভাইভা বা মৌখিক পরীক্ষা। অনেক প্রার্থী প্রিলি ও লিখিতে ভালো করলেও ভাইভায় এসে পিছিয়ে পড়েন। কারণ ভাইভায় শুধু জ্ঞান নয়, উপস্থাপনার দক্ষতা, আত্মবিশ্বাস এবং পেশাদার মনোভাবও যাচাই করা হয়। তাই এই ধাপের প্রস্তুতি হতে হবে সুনির্দিষ্ট ও পরিকল্পিত।
ব্যক্তিগত প্রশ্নোত্তর
ভাইভার শুরুতেই প্রায় সবসময় “Tell me about yourself” বা “আপনার সম্পর্কে বলুন” এই প্রশ্নটি আসে। তাই নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ব্যাংকিং পেশায় আসার কারণ গুছিয়ে বলার অনুশীলন করতে হবে। উত্তরটি ২-৩ মিনিটের মধ্যে সংক্ষিপ্ত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে।
ব্যাংকিং বিষয়ক জ্ঞান
ভাইভায় ব্যাংকিং সম্পর্কিত প্রশ্ন আসাটা প্রায় নিশ্চিত। তাই যে ব্যাংকে ভাইভা দিতে যাচ্ছেন সেই ব্যাংকের ইতিহাস, পণ্য ও সেবা, সাম্প্রতিক কার্যক্রম এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, CRR, SLR, রেপো রেট এই ধরনের মৌলিক বিষয়গুলো জানা থাকলে ভাইভায় আত্মবিশ্বাসী থাকা সহজ হয়।
সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়
ভাইভায় দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি, অর্থনীতি ও ব্যাংকিং খাতের সর্বশেষ আপডেট থেকেও প্রশ্ন আসতে পারে। তাই নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস ভাইভার আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে।
উপস্থাপনা ও আচরণ
ভাইভায় আপনি কী বলছেন তার পাশাপাশি কীভাবে বলছেন সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিষ্কার ও স্পষ্ট কণ্ঠে কথা বলুন, চোখের যোগাযোগ বজায় রাখুন এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসুন। কোনো প্রশ্নের উত্তর না জানলে সৎভাবে স্বীকার করুন, অনুমান করে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না।
ভাইভার আগে বন্ধু বা পরিচিত কারো সাথে মক ভাইভার অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়ে এবং অপ্রত্যাশিত প্রশ্নের মুখেও স্থির থাকার সক্ষমতা তৈরি হয়।
প্রাইভেট ব্যাংক জবের মানসিক প্রস্তুতি
প্রাইভেট ব্যাংকিং সেক্টরে টিকে থাকতে এবং এগিয়ে যেতে অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং সফট স্কিলস আয়ত্ব করতে হবে। নিচে প্রাইভেট ব্যাংক জবের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির বিষয়গুলো আলোচনা করা হলো।
Problem Solving Skills
ব্যাংকিং পেশায় প্রতিদিন নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। গ্রাহকের অভিযোগ, লেনদেনের জটিলতা বা টিমের অভ্যন্তরীণ সমস্যা ইত্যাদি যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সমাধান খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে। এই দক্ষতা তৈরি করতে যেকোনো সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে বিশ্লেষণ করার অভ্যাস গড়ুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সকল দিক বিবেচনা করুন।
Leadership Skills
ক্যারিয়ারের শুরুতে না হলেও পেশাগত জীবনে একটি নির্দিষ্ট পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব আসবেই। একজন ভালো নেতা নিজে ভালো কাজ করার পাশাপাশি দলের বাকি সদস্যদের থেকেও সেরাটা বের করে আনতে পারেন। তাই দলগত কাজে সক্রিয় ভূমিকা রাখার অভ্যাস করুন, অন্যদের মতামতকে সম্মান দিন এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা গড়ে তুলুন।
Communication Skills
ব্যাংকিং পেশায় কমিউনিকেশন স্কিলস সবচেয়ে বেশি কাজে আসে। গ্রাহকের সাথে কথা বলা, উর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট উপস্থাপন করা বা সহকর্মীদের সাথে সমন্বয় করাসহ সবক্ষেত্রেই স্পষ্ট ও কার্যকর কমিউনিকেশন প্রয়োজন হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা বৃদ্ধি করুন। কোন কথা বলার আগে চিন্তা করুন এবং সহজ ভাষায় মূল বিষয়টি প্রকাশ করার চেষ্টা করুন।
Corporate Etiquette
কর্পোরেট পরিবেশে আচার-আচরণের একটি নির্দিষ্ট ধরন থাকে, যা মেনে চলা পেশাদারিত্বের পরিচয় দেয়। সময়মতো অফিসে আসা, পরিপাটি থাকা, মিটিংয়ে মনোযোগী থাকা, ইমেইল ও যোগাযোগের ক্ষেত্রে প্রফেশনাল ভাষা ব্যবহার করা। এছাড়াও সিনিয়র-জুনিয়র সবার সাথে যথাযথ শিষ্টাচার মেনে চলার মতো বিষয়গুলো কর্পোরেট পরিবেশে আপনার ভাবমূর্তি তৈরিতে সরাসরি ভূমিকা রাখে।
Smart Thinking
প্রাইভেট ব্যাংকিং সেক্টর দ্রুত পরিবর্তনশীল। তাই যেকোনো পরিস্থিতিতে দ্রুত চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকাটা জরুরি। নিয়মিত পত্রিকা পড়া, ব্যাংকিং সংক্রান্ত আপডেট জানা এবং বিভিন্ন পরিস্থিতিতে বিকল্প চিন্তার অভ্যাস করলে এই দক্ষতা ধীরে ধীরে তৈরি হবে।
Professional Behavior
প্রফেশনাল আচরণ মানে শুধু ভালো পোশাক পরা বা নিয়ম মেনে চলা নয়। কাজে সততা বজায় রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা, চাপের মধ্যেও শান্ত থাকা এবং সহকর্মী ও গ্রাহক উভয়ের প্রতি সম্মানজনক আচরণ করাও প্রফেশনাল আচরণের অন্তর্ভুক্ত। ব্যাংকিং সেক্টরে বিশ্বাসযোগ্যতা একটি বড় সম্পদ, আর এটি তৈরি হয় দীর্ঘমেয়াদী প্রফেশনালিজম মেইনটেইনের মাধ্যমে।
মানসিক প্রস্তুতি
প্রাইভেট ব্যাংকের চাকরির প্রস্তুতি একটি সময়সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য প্রক্রিয়া। এই পথে হতাশা আসতে পারে, প্রত্যাশিত ফলাফল নাও আসতে পারে। তবে মনে রাখতে হবে- ধারাবাহিক প্রচেষ্টাই শেষ পর্যন্ত সাফল্য নিয়ে আসে। নিজের লক্ষ্য স্থির রাখুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও মনোযোগ দিন। কারণ- সুস্থ শরীর ও সুস্থ মন দীর্ঘমেয়াদী প্রস্তুতির সবচেয়ে বড় ভিত্তি।
বুকলিস্ট
ভালো প্রস্তুতির জন্য ভালো বই নির্বাচন করা বাধ্যতামূলক। বাজারে প্রাইভেট ব্যাংক প্রস্তুতির জন্য অসংখ্য বই রয়েছে। তবে নিচে কিছু বইয়ের সাজেশন দেওয়া হলো:
গণিত
গণিতের জন্য বাজারের সেরা বইগুলো নিম্নে দেওয়া হলো:
- Khairul’s Basic Math বইটি প্রাইভেট ব্যাংকের প্রস্তুতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- Oracle’s IBA Math বইটি IBA প্রশ্ন প্যাটার্ন বুঝার জন্য অনেক বেশি কার্যকর
- ইংরেজি ভার্সনে অনুশীলনের জন্য RS Aggarwal-এর Quantitative Aptitude
এছাড়াও ৯ম-১০তম শ্রেণীর গণিত বইটি গণিত প্রস্তুতির জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে।
ইংরেজি
প্রাইভেট ব্যাংক চাকরিতে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইংরেজি প্রস্তুতির জন্য নিম্নে কিছু বইয়ের তালিকা দেওয়া হলো:
- ইংরেজি ভাষা ও গ্রামারের জন্য Live MCQ English Wizard Grammar
- ভোকাবুলারির জন্য Cliffs TOEFL, Barron’s Essential Words
- Objective General English- SP Bakshi
এছাড়া- নিয়মিত The Daily Star বা The Business Standard পড়লে ইংরেজির দক্ষতা স্বাভাবিকভাবেই বাড়তে থাকে।
মানসিক দক্ষতা
- A Modern Approach to Verbal – লেখক RS Aggarwal
- Non-Verbal Reasoning – লেখক RS Aggarwal
এই বইতে প্রায় সব ধরনের Reasoning প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে।
বাংলা
- বাংলা ব্যাকরণের জন্য উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ)
- বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলার শীকর
- অগ্রদূত বাংলা সাহিত্য – সাহিত্য অংশের জন্য বইটি অনুসরণ করতে পারেন।
ব্যাংকিং ও সাধারণ জ্ঞান
- সাধারণ জ্ঞানের জন্য MP3 সাধারণ জ্ঞান
- ব্যাংকিং বিষয়ক জ্ঞানের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর প্রকাশিত উপকরণ অনুসরণ করতে হবে।
- এছাড়াও ব্যাংকে কম্পিউটার ও আইসিটি রিলেটেড প্রশ্নও হয়ে থাকে। তাই পরামর্শ থাকবে Live MCQ Computer & ICT Cloud এই বইটা পড়ার।
প্রশ্নব্যাংক
বই পড়ার পাশাপাশি IBA-র বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা সবচেয়ে জরুরি। তাই
- Professor Recent Bank Job Solutions বইটি পড়ে দেখার পরামর্শ রইলো।
তবে মনে রাখতে হবে- শুধু বই সংগ্রহ করলেই হবে না, নিয়মিত অনুশীলন ও Live MCQ™ অ্যাপের মাধ্যমে নিজেকে যাচাই করতে থাকলেই প্রকৃত প্রস্তুতি নিশ্চিত হবে।
ভাইভার পর যেসব ডকুমেন্ট জমা দিতে হবে
ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিতে যোগদানের আগে ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয়। এই ডকুমেন্টগুলো আগে থেকে গুছিয়ে রাখলে যোগদান প্রক্রিয়া অনেক সহজ ও ঝামেলামুক্ত হয়। ব্যাংকভেদে ডকুমেন্টের তালিকায় সামান্য পার্থক্য থাকতে পারে, তবে সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রায় সব ব্যাংকেই চাওয়া হয়।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং উভয় পাশের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
- ৪ থেকে ৬ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জমা দিতে হবে।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধির (ইউনিয়ন বা পৌরসভা) কাছ থেকে নেওয়া চারিত্রিক সনদ জমা দিতে হবে।
- স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নেওয়া নাগরিকত্ব সনদের মূল কপি ও ফটোকপি জমা দিতে হবে।
- পূর্বে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকলে সেই প্রতিষ্ঠানের দেওয়া অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। এটি প্রযোজ্য না হলে জমা দেওয়ার প্রয়োজন নেই।
- অনেক ব্যাংক যোগদানের আগে একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সনদ বা Medical Fitness Certificate জমা দিতে বলে। কিছু ক্ষেত্রে ব্যাংক নিজেই মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে থাকে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক ব্যাংকেই বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
- কিছু ব্যাংক একজন বা দুইজন গ্যারান্টারের তথ্য ও স্বাক্ষর সংবলিত ফর্ম জমা দিতে বলে।
একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো- ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাপত্র বা অফার লেটারে উল্লেখিত ডকুমেন্টের তালিকা ভালোভাবে পড়ুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন। সকল ডকুমেন্টের একাধিক ফটোকপি আগে থেকেই তৈরি রাখলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব হবে।
Live MCQ প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিন
আপনি যদি প্রাইভেট জব প্রত্যাশী হয়ে থাকেন তাহলে Live MCQ™ প্রাইভেট ব্যাংক প্রস্তুতি রুটিন হচ্ছে কার্যকারী সমাধান। এই রুটিনে থাকছে মোট ৫০টা লাইভ পরীক্ষা। যেখানে ৩৬টি টপিক ভিত্তিক, ৯টি রিভিশন এবং ৫টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট লাইভ পরীক্ষা।
রুটিনটি কেন গুরুত্বপূর্ণ
প্রাইভেট ব্যাংকে চাকরিতে আগ্রহ আছে এমন প্রতিটি পার্থীর জন্য এই রুটিনটি গুরুত্বপূর্ণ। এই রুটিনের মাধ্যমে-
- প্রাইভেট ব্যাংক সিলেবাসের অন্তভূর্ক্ত প্রতিটি বিষয়ের প্রতিটি টপিকের উপরে লাইভে পরীক্ষা নেওয়া হবে।
- হাজারো প্রতিযোগীর সাথে পরীক্ষায় অংশ নিয়ে নিজের অবসস্থান যাচাই করতে পারবেন।
- কোন কারণে লাইভ পরীক্ষা মিস হলেও যেকোন সময়ে আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া যাবে।
- পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রস্তুতির গ্যাপ থাকলে সেটা অবশ্যই বুঝতে পারবেন।
- লাইভ পরীক্ষার মাধ্যমে সময় ব্যাবস্থাপনা সম্পর্কে একটা বাস্তব ধারণা অর্জন হবে।
- বাস্তব চাকরির পরীক্ষার ফিল পাওয়া যাবে। ফলে পরীক্ষার হল ইজি মনে হবে।
এছাড়াও- এই প্যাকেজেই অন্তর্ভুক্ত থাকবে সাম্প্রতিক সমাচার, Weekly Bulletin [ক্লাসসহ], নিউজপিকার, ব্যাংকের টপিক গুরু, কুইজ মাস্টার, স্মার্ট সার্চ, ডাইনামিক প্যানেলসহ সকল স্টাডিসহায়ক প্রিমিয়াম ফিচার। যা আপনার ব্যাংকের চাকরি প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
প্রাইভেট চাকরির পরীক্ষায় ভালো করতে নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নেই। একসাথে অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে পরীক্ষা দিয়েই মূলত নিজের প্রস্তুতির অবস্থা পরিমাপ করা যায়। তাই প্রাইভেট ব্যাংক চাকরির প্রস্তুতি নিশ্চিত করতে নীচের Enroll NOW বাটনে ক্লিক করুন।
শেষ কথা
প্রাইভেট ব্যাংকে চাকরি পাওয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জং। তবে সঠিক পরিকল্পনা, ধারাবাহিক অনুশীলন এবং মানসিক দৃঢ়তা থাকলে এই লক্ষ্য অর্জন করা সম্পূর্ণ সম্ভব।
এই গাইডে প্রিলিমিনারি থেকে শুরু করে ভাইভা পর্যন্ত প্রতিটি ধাপের বিষয়ভিত্তিক প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তবে শুধু পড়লেই হবে না, প্রতিটি বিষয়ে নিয়মিত অনুশীলন, দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোতে বাড়তি মনোযোগ দেওয়া এবং নিজের অগ্রগতি নিয়মিত যাচাই করাই সাফল্যের মূল চাবিকাঠি।
তাই আজ থেকেই Live MCQ™ রুটিনের সঙ্গে প্রস্তুতি শুরু করুন, লক্ষ্য স্থির রাখুন এবং পরিশ্রম চালিয়ে যান। আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের চাকরিটি আপনার জন্যই অপেক্ষা করছে।



