স্পেশাল বিসিএস কী? যোগ্যতা, সিলেবাস ও প্রস্তুতির সম্পূর্ণ গাইডলাইন

বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) অন্যতম সম্মানজনক ও প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। স্বাভাবিকভাবেই, বিসিএস নিয়ে চাকরিপ্রার্থীদের আগ্রহ অনেক বেশি। আবার নতুন পরীক্ষার্থীদের অনেকেই জানতে চান স্পেশাল বিসিএস সম্পর্কে– স্পেশাল বিসিএস কী, কেমন যোগ্যতা লাগে কিংবা Special BCS সিলেবাস ও প্রস্তুতির ধরন সম্পর্কে।
প্রতি বছর হাজার হাজার প্রার্থী প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্যাডারে যোগদানের স্বপ্ন নিয়ে BCS পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে অনেক সময় নির্দিষ্ট কোনো ক্যাডারে জনবল সংকট দেখা দিলে সরকার বিশেষ উদ্যোগে আয়োজন করে স্পেশাল বিসিএস (Special BCS)।
স্পেশাল বিসিএস সাধারণ বিসিএসের মতো নিয়মিত নয়; এটি বিশেষ প্রয়োজনভিত্তিক একটি নিয়োগ প্রক্রিয়া। তাই এ নিয়ে প্রার্থীদের মাঝে প্রায়ই বিভিন্ন প্রশ্ন তৈরি হয়— স্পেশাল বিসিএস কী, এর যোগ্যতা কী, সিলেবাস কেমন, কত বছর পর পর হয় এবং প্রস্তুতি কীভাবে নিতে হবে?
এই আর্টিকেলের মাধ্যমে আমরা Special BCS Preparation সম্পর্কে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরব, যাতে আপনি সহজেই বিষয়টি বুঝতে পারেন এবং ভবিষ্যৎ প্রস্তুতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
স্পেশাল বিসিএস কি?
স্পেশাল বিসিএস হলো বাংলাদেশ সরকার কর্তৃক নির্দিষ্ট কোনো ক্যাডারে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আয়োজন করা বিশেষ ধরনের বিসিএস পরীক্ষা। এটি নিয়মিত বিসিএসের মতো নির্দিষ্ট সময়সূচিভিত্তিক নয়; বরং বিশেষ পরিস্থিতি ও প্রয়োজনের ভিত্তিতে আয়োজন করা হয়।
সাধারণত কোনো নির্দিষ্ট খাতে যেমন; স্বাস্থ্য বা শিক্ষা দ্রুত জনবল ঘাটতি পূরণের প্রয়োজন হলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (PSC) বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে স্পেশাল বিসিএসের আয়োজন করে। এ ক্ষেত্রে সব ক্যাডারের জন্য নিয়োগ দেওয়া হয় না; শুধু সংশ্লিষ্ট ক্যাডারের প্রার্থীরাই আবেদন করতে পারেন।
উদাহরণ হিসেবে, ২০২৫ সালে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএস (স্পেশাল) যথাক্রমে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে চিকিৎসক ও শিক্ষক নিয়োগের জন্য আয়োজন করা হয়েছিল। এই ধরনের পরীক্ষার মূল লক্ষ্য হলো নির্দিষ্ট সেক্টরে দ্রুত ও কার্যকরভাবে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া।
সংক্ষেপে বলা যায়, স্পেশাল বিসিএস হলো— বিশেষ প্রয়োজনভিত্তিক ক্যাডার নিয়োগের জন্য বিশেষভাবে আয়োজিত বিসিএস পরীক্ষা।
স্পেশাল বিসিএস ও সাধারণ বিসিএসের প্রার্থক্য
স্পেশাল বিসিএস এবং সাধারণ বিসিএস এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যা নিচে একটি সারণীর মাধ্যমে তুলে ধরা হলো:
| বিষয় | সাধারণ বিসিএস | স্পেশাল বিসিএস |
| আয়োজনের ধরন | নিয়মিত সময়সূচি অনুযায়ী | বিশেষ প্রয়োজনভিত্তিক |
| পরীক্ষার ধাপ | প্রিলিমিনারি (২০০ নম্বর), লিখিত (৯০০ নম্বর), মৌখিক (২০০ নম্বর) | প্রিলিমিনারি/এমসিকিউ (সাধারণত ২০০ নম্বর), মৌখিক (১০০ বা ২০০ নম্বর) |
| ক্যাডারের সংখ্যা | একাধিক ক্যাডার (প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি) | নির্দিষ্ট এক বা কয়েকটি ক্যাডার |
| উদ্দেশ্য | সামগ্রিক ক্যাডার নিয়োগ | নির্দিষ্ট খাতে জনবল সংকট পূরণ |
| সিলেবাস | পূর্ণাঙ্গ ও নির্ধারিত কাঠামো | সাধারণ বিষয়সমূহ নিয়ে General Part ও সংশ্লিষ্ট ক্যাডারভিত্তিক বিষয়ের সমন্বয়ে |
| প্রতিযোগিতা | সকল বিষয়ের প্রার্থীদের জন্য উন্মুক্ত | সংশ্লিষ্ট বিষয়ের প্রার্থীদের জন্য সীমিত |
| আয়োজনের সময় | প্রায় নিয়মিত (বছরভিত্তিক/চক্রভিত্তিক) | নির্দিষ্ট সময়সূচি নেই |
স্পেশাল বিসিএস সিলেবাস
স্পেশাল বিসিএসের সিলেবাস সাধারণ বিসিএস থেকে কিছুটা ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, ডাক্তারদের জন্য আয়োজিত ৪৮তম স্পেশাল বিসিএস-এর সিলেবাস ও মান বণ্টন নিচে দেওয়া হলো:

স্পেশাল বিসিএসের সিলেবাস ও নম্বর বণ্টন
৪৮তম স্পেশাল বিসিএস-এর মোট নম্বর ছিল: ২০০ (এমসিকিউ) + ১০০ (মৌখিক)
স্পেশাল বিসিএস পরীক্ষায় বর্ণনামূলক লিখিত পরীক্ষা থাকে না, শুধু MCQ-নির্ভর প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারি অংশটা আবার দুইটা ভাগে বিভক্ত থাকে সাধারণ বিষয় এবং মেডিকেল বিজ্ঞান। নিচে স্পেশাল বিসিএসের এমসিকিউ সিলেবাস ও নম্বর বণ্টন (পূর্ণমান: ২০০) টেবিলের মাধ্যমে দেখানো হল;
সাধারণ বিষয় (মোট ১০০ নম্বর)
| ক্র. নং | বিষয় | নম্বর |
| ১ | বাংলা ভাষা | ১৫ |
| ২ | বাংলা সাহিত্য | ৫ |
| ৩ | English Grammar | ১৫ |
| ৪ | English Literature | ৫ |
| ৫ | বাংলাদেশ বিষয়াবলি | ২০ |
| ৬ | আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
| ৭ | গাণিতিক যুক্তি | ১০ |
| ৮ | মানসিক দক্ষতা | ১০ |
| মোট | ১০০ |
মেডিকেল বিজ্ঞান (মোট ১০০ নম্বর)
মেডিকেল বিজ্ঞান অংশটি দুইটি পার্টে বিভিক্ত থাকে। পার্ট-১ Pre & Para Clinical (৫০ নম্বর) এবং পার্ট-২ Clinical (৫০ নম্বর)।
পার্ট ১: Pre & Para Clinical (৫০ নম্বর)
| ক্র. নং | বিষয় | নম্বর |
| ১ | Anatomy | ১২ |
| ২ | Physiology | ৮ |
| ৩ | Bio-Chemistry | ৫ |
| ৪ | Pharmacology | ৫ |
| ৫ | Forensic Medicine & Toxicology | ৫ |
| ৬ | Community Medicine & Public Health | ৫ |
| ৭ | Pathology | ৫ |
| ৮ | Microbiology | ৫ |
| মোট | ৫০ |
পার্ট – ২: Clinical (৫০ নম্বর)
| ক্র. নং | বিষয় | নম্বর |
| ১ | Medicine | ১৭ |
| ২ | Surgery | ১৭ |
| ৩ | Obstetrics and Gynaecology | ১৬ |
| মোট | ৫০ |
স্পেশাল বিসিএস সিলেবাস PDF
পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই স্পেশাল বিসিএসের PDF ডাউনলোড করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমে স্পেশাল বিসিএসের সিলেবাসটির PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
স্পেশাল বিসিএস যোগ্যতা
স্পেশাল বিসিএসে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হয়। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো:
- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। [স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এমবিবিএস (MBBS) বা সমমানের ডিগ্রি আবশ্যক।]
- আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- সাধারণ বয়সীমা ২১ থেকে ৩০ বছর হতে হবে।
- এসএসসি, এইচএসসি এবং স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
স্পেশাল বিসিএস প্রস্তুতি কৌশল:
স্পেশাল বিসিএস প্রস্তুতি সাধারণ বিসিএস থেকে কিছুটা ভিন্ন। তবে এ নিয়ে দুঃশ্চিন্তার কারণ নেই। কিছু মৌলিক কৌশল অনুসরণ করলে সাফল্য অর্জন করা সম্ভব। চলুন দেখে নিই, স্পেশাল বিসিএসের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে—
বিজ্ঞপ্তি ও সিলেবাস বিশ্লেষণ
প্রস্তুতির শুরুতেই সিলেবাস বিশ্লেষণ করলে সময় অপচয় কম হয়। তাই—
- পিএসসির অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সিলেবাস ভালোভাবে বিস্তারিত পড়ুন।
- নম্বর বণ্টন অনুযায়ী টপিকের অগ্রাধিকার ঠিক করুন।
- কোন অংশে বেশি নম্বর, সেই অংশে বেশি সময় দিন।
সিলেবাস সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে পড়াশোনা গোছানো হয় এবং প্রস্তুতি ফলপ্রসূ হয়।
বিষয়ভিত্তিক জ্ঞান
যেহেতু স্পেশাল বিসিএস নির্দিষ্ট ক্যাডারের জন্য হয়, তাই অ্যাকাডেমিক বা মূল বিষয়ের উপর গভীর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। ১০০ নম্বরের বিষয়ভিত্তিক অংশের জন্য পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিন।
যেমন স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে মেডিকেলে পঠিত সাবজেক্ট বা শিক্ষা ক্যাডারে অনার্সে পঠিত (যে বিষয়ের শিক্ষক হতে চান) বিষয়ে শক্ত ভিত্তি তৈরি করুন। সেক্ষেত্রে—
- মূল টেক্সটবুক ও স্ট্যান্ডার্ড রেফারেন্স অনুসরণ করুন।
- মূল বই থেকে পড়ার সময় সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলোর শর্ট নোট তৈরি করুন।
স্পেশাল বিসিএসে সাধারণত সংশ্লিষ্ট পেশাগত বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
সাধারণ বিষয়ে গুরুত্ব দেওয়া
যদিও এটি বিশেষ বিসিএস, তবুও বাংলা, গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি অংশে ভালো নম্বর তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সাম্প্রতিক ঘটনা (Current Affairs) নিয়মিত পড়ুন।
- বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন।
- প্রতিদিন অন্তত ১–২ ঘণ্টা সাধারণ বিষয়ের জন্য বরাদ্দ রাখুন।
সময় ব্যবস্থাপনা ও রুটিন তৈরি
- প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন।
- কঠিন বিষয় সকালে পড়ুন।
- সাপ্তাহিক রিভিশন রাখুন।
পূর্বের প্রশ্ন বিশ্লেষণ
পূর্বের স্পেশাল বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ প্রস্তুতিতে আপনাকে অনেক এগিয়ে রাখবে। কারণ এটি আপনাকে প্রশ্নের ধরণ এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেবে। ফলে প্রস্তুতির শুরুতেই বুঝে নিতে পারবেন—
- কোন টপিক থেকে বেশি আসতে পারে
- প্রশ্নের ধরন (BCS Question Pattern) কেমন হতে পারে
- কোন টপিকে কেমন গুরুত্ব ও সময় দেওয়া উচিৎ
- পরীক্ষায় সময় ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত
বিসিএস প্রিলিমিনিরি পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নসমূহের টপিকভিত্তিক ব্যাখ্যাসহ সমাধানের জন্য Live Publications এর Live MCQ বিসিএস প্রিলিমিনারি জব সল্যুশন বইটির সঙ্গে স্পেশাল বিসিএসসহ যেকোনো বিসিএস প্রস্তুতি শুরু করতে পারেন।
নিয়মিত মডেল টেস্ট
মডেল টেস্ট দেয়ার মাধ্যমে দুর্বলতা খুঁজে পাওয়া যায়। তাই স্পেশাল বিসিএসে ভালো করার জন্য অবশ্যই নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। Live MCQ অ্যাপে নিয়মিত লাইভ এবং আর্কাইভ পরীক্ষা দেয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন।
স্পেশাল বিসিএস ভাইভা প্রস্তুতি
স্পেশাল বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ হল মৌখিক পরীক্ষা বা ভাইবা। ভাইবা বোর্ডে সাধারণত ব্যক্তিত্ব, পেশাগত জ্ঞান, আত্মবিশ্বাস এবং বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করা হয়। তাই স্পেশাল বিসিএস ভাইভার জন্য–
- নিজের পেশাগত বিষয়ের জ্ঞানের ওপরে শক্ত ভিত্তি তৈরি করুন।
- সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলি সম্পর্কে ভালো ধারণা রাখুন।
- ব্যক্তিত্ব ও উপস্থাপনা দক্ষতার ওপরে গুরুত্ব আরোপ করুন।
- নিয়মিত মক ভাইবা প্র্যাকটিস করুন।
সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং বিষয়ভিত্তিক জ্ঞান থাকলে স্পেশাল বিসিএস ভাইভাতেও ভালো ফল করা সম্ভব।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তরসমূহ (Special BCS FAQ)
স্পেশাল বিসিএস কত বছর পর পর হয়?
স্পেশাল বিসিএস (Special BCS) কোনো নির্দিষ্ট সময় পর পর হয় না, এটি মূলত নির্দিষ্ট কোনো ক্যাডারে জনবল সংকট দূর করার জন্য জরুরি ভিত্তিতে ক্যাডার নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে থাকে।
কোন কোন বিসিএস স্পেশাল ছিল?
১২তম , ১৬তম , ১৯তম , ২৩তম, ২৬তম, ৩২তম, ৩৯তম, ৪২তম, ৪৮তম এবং ৪৯তম বিসিএস স্পেশাল বিসিএস ছিল।
স্পেশাল বিসিএস মানে কি?
স্পেশাল বিসিএস (Special BCS) হলো এমন একটি বিসিএস নিয়োগ পরীক্ষা যা বিসিএসের ২৬টি ক্যাডারের সবগুলোর জন্য না হয়ে, নির্দিষ্ট কোনো একটি বা কয়েকটি ক্যাডারের শূন্যপদ দ্রুত পূরণের জন্য নেওয়া হয়।
উপসংহার
যারা নির্দিষ্ট পেশাগত ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য স্পেশাল বিসিএস বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং সুনির্দিষ্ট প্রস্তুতির মাধ্যমে এই পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব।
আশা করি, এই গাইডলাইনটি আপনাকে স্পেশাল বিসিএস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে এবং আপনার প্রস্তুতিতে সহায়তা করতে পারবে।
এ ধরণের যেকোনো চাকরির প্রস্তুতি বিষয়ক পরামর্শের জন্য Live MCQ ওয়েবসাইট ও ফেসবুক পেজ ফলো করতে পারেন বা সরাসরি যোগাযোগ করতে পারেন।



